
দেশে চলমান লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট কমে আসবে এবং বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, সরকার তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং গ্যাস সংকট মোকাবিলায় চীন ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করছে।
বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা করছেন, তারা বাস্তবসম্মত সমাধানের প্রস্তাব দিচ্ছেন না। তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কার্যকর সমাধান দিতে পারলে সরকার তা গ্রহণ করবে, অন্যথায় বিভ্রান্তিকর রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস এবং এই সময়ের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। দেশের উন্নয়নে গঠনমূলক পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানিয়ে তিনি ভাঙচুর ও উসকানিমূলক রাজনীতি পরিহারের আহ্বান জানান।
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি এবং নতুন গ্যাসক্ষেত্র উন্নয়নে অবহেলার কারণে বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সরকার জবাবদিহিতা ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে।